ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১১ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। এতে বলা হয়, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশন নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন।
এ কারণে বুধবার রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরকদ্রব্য, ক্ষতিকর বা দূষণীয় বস্তু বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ডিএমপি জানায়, নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে—মহাখালী ক্রসিং থেকে পুরনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে সোনারগাঁও হোটেল রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমণ্ডি-১৬ (পুরনো-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা।
এ ছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিপথও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

