ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এদের মধ্যে ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার সময় তোফাজ্জল হোসেন ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। কিছু ছাত্র তাকে আটক করে গেস্ট রুমে নিয়ে যান এবং মোবাইল চুরির অভিযোগে বেধড়ক মারধর করেন। পরে মানসিক রোগী বুঝে তাকে হলের ক্যান্টিনে খাবার খাওয়ান, কিন্তু এরপর আবার দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে তাকে জানালার সঙ্গে বেঁধে স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি অচেতন হয়ে যান এবং মৃত্যুবরণ করেন।
আসামিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল মিয়া, আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ, আল হোসাইন সাজ্জাদ, মো. মোত্তাকিন সাকিন শাহ, সুমন মিয়া প্রমুখ রয়েছেন। অপর ২২ আসামি পলাতক।
মামলাটি শাহবাগ থানায় দায়ের হয় এবং পরবর্তীতে পিবিআই পুনঃতদন্তের মাধ্যমে ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

