Monday, November 9

রাজধানীর মতিঝিলে একটি মুরগিবাহী ভ্যানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বঙ্গভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে রিপন (৪৫) এবং শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)। তারা দুজনই মুরগি ব্যবসায়ী ছিলেন।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. শাহিন জানান, ভোর প্রায় ৪টার দিকে বঙ্গভবনের সামনে একটি মুরগিবাহী ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুইজন গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
6 + 1 =