রেশনিং পদ্ধতিতেও চাহিদামাফিক জ্বালানি না পাওয়ায় রাজধানীতে স্বাভাবিক সময়ের তুলনায় গণপরিবহন কম চালাতে হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এতে নিয়মিত যাতায়াতকারীরা দুর্ভোগে পড়ছেন এবং পরিবহন খাতের ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।
তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে মজুদ করার চেষ্টা করছেন, এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীন পরিচালিত ট্রাস্ট এনার্জির পরিচালক মো. জামাল হোসেন বলেন, “জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকারের রেশন নীতি অনুসরণ করেই তেল সরবরাহ করা হচ্ছে।”
সরকারি রেশনিং নীতিমালা অনুযায়ী প্রতিটি লোকাল বাসের জন্য দিনে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাসের জন্য ২০০ থেকে ২২০ লিটার ডিজেল বরাদ্দের কথা থাকলেও বাস্তবে তা মিলছে না বলে অভিযোগ রয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, গত ৬ ও ৭ মার্চ থেকে অধিকাংশ লোকাল বাস মাত্র ২০ থেকে ২৫ লিটার এবং দূরপাল্লার বাস ৪০ থেকে ৫০ লিটারের বেশি ডিজেল সংগ্রহ করতে পারছে না।
রাজধানীর মহাখালী, খিলক্ষেত, কুড়িল, বিমানবন্দর ও উত্তরা এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এবং পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। বাসচালকদের মতে, যানজটপূর্ণ এই শহরে অন্তত দুটি ট্রিপ সম্পন্ন করতে দৈনিক ৫০ থেকে ৭০ লিটার ডিজেল প্রয়োজন হয়।
গুলিস্তান-গাজীপুর রুটে চলাচলকারী একটি বাসের চালক আল আমিন বলেন, “৫০ লিটার তেল দরকার হলেও পাম্প থেকে মাত্র ২০ লিটার পেয়েছি। ফলে ট্রিপের সংখ্যা কমাতে হচ্ছে।”
বলাকা পরিবহনের চালক মো. আবুল মিয়া বলেন, “যেখানে ৬০ লিটার তেল লাগে, সেখানে পাচ্ছি ২০ লিটার। দিনে তিন-চারটি ট্রিপ দেওয়া সম্ভব হচ্ছে না।”
অন্যদিকে কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, অনেক পাম্পেই ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলছে। ফলে অনেক বাসকে টঙ্গী ও গাজীপুর এলাকা থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে বলে জানান পরিবহন শ্রমিকরা।

