Monday, November 9

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। যারা সরকার পতনের জন্য বিভিন্নভাবে উসকানি দিচ্ছেন, তাদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনের অন্তর্বর্তীকালীন আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে সদস্যসচিব কাজী সাখাওয়াত হোসেন সঞ্চালনা করেন।

মির্জা আব্বাস বলেন, এক শ্রেণির ছেলেপেলের মুখ দিয়ে কথা বের হচ্ছে—বাসার ইট খুলে নিয়ে আসবে। এগুলো রাজমিস্ত্রি বা শ্রমিকের কাজ। ইট খোলার জন্য আমাদের কোনো শ্রমিকের প্রয়োজন নেই, আমাদের নিজেদেরই শ্রমিক রয়েছে। আপনারা ইট খুলতে যাবেন না, এতে হাত-পা ভেঙে যেতে পারে।

তিনি বলেন, দেশের মধ্যে কোনো সমস্যা বা অরাজকতা তৈরি করা উচিত নয়। দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিকভাবে একটি সরকার এসেছে এবং সেই সরকারকে কাজ করার সুযোগ দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণই সিদ্ধান্ত নেবে সরকারকে রাখা হবে কি না। এখন নয়, নির্বাচনের সময়ই সেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

সরকারের সমালোচনার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, বিগত সরকারের ব্যর্থতা বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। একই সঙ্গে গত ১৮ মাসের সরকার এবং গত ১৮ বছরের শাসনের দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টারও সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশকে নতুনভাবে জাগিয়ে তোলার চেষ্টা করছে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো ভবিষ্যতেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেন।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, যারা এই সরকারকে পতনের জন্য চেষ্টা করছেন, তাদের সবার আগে দেশের স্থিতিশীলতার কথা ভাবা উচিত।

Leave A Reply


Math Captcha
45 − = 43