রাজধানীর শাহবাগ থানা এলাকায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ সমর্থিত টিএসসিভিত্তিক সংগঠন ‘স্লোগান ’৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–এর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
মামলার অপর দুই আসামি হলেন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখার সাবেক কর্মসংস্থান সম্পাদক মো. আসিফ আহমেদ সৈকত ও দলটির নেতা আব্দুল আল মামুন।
এদিন আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মো. আশাদুল ইসলাম। শুনানি শেষে আদালত তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে শাহবাগ থানাধীন শহীদুল্লাহ হল ক্রসিং এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু সদস্য সমবেত হয়ে মাইকে ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পালানোর চেষ্টাকালে স্থানীয় জনসাধারণের সহায়তায় আসিফ আহমেদ সৈকতকে আটক করা হয়।
পরে একই দিন রাত ৯টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ জাতীয় জাদুঘর–এর ১ নম্বর গেটের সামনে আব্দুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়ো হন।
অভিযোগে বলা হয়েছে, এ সময় শাহবাগ থানা মসজিদে তারাবির নামাজ চলছিল। আসামিরা মসজিদের দিকে মুখ করে লাউডস্পিকারে উসকানিমূলক স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সচল করার চেষ্টা করেন। পাশাপাশি তারা পুলিশের কাজে বাধা দেন এবং থানা হেফাজত থেকে আটক আসামি আসিফ আহমেদ সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
পরে ডাকসু প্রতিনিধি এ বি যুবায়ের ও মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে একদল শিক্ষার্থী আব্দুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় রোববার পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

