Monday, November 9

একসময় নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল হিসেবে বিবেচিত হতো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি উল্টো পথে গিয়েছে। জরিপ ও বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, দেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ কমছে, উচ্চশিক্ষায় নারীরা পিছিয়ে পড়ছে, রাজনৈতিক নেতৃত্বে অংশগ্রহণও সর্বনিম্ন পর্যায়ে। পাশাপাশি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, নির্যাতন এবং বাল্যবিয়ের হার উদ্বেগজনক হারে বেড়েছে।

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে এবার প্রতিপাদ্য হলো, ‘অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক’। দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে।”

শ্রমশক্তিতে নারী অংশগ্রহণ:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ-২০২৪ অনুযায়ী, ২০২৪ সালে মোট শ্রমশক্তি ছিল ৭.১৭ কোটি, যা আগের বছরের ৭.৩৪ কোটি থেকে কমে গেছে। হ্রাসের বড় অংশই নারী শ্রমশক্তির কমার কারণে হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নারীদের টেকনিক্যাল এবং প্রযুক্তিবান্ধব শিক্ষায় আরো এগিয়ে আসতে হবে এবং সন্তান লালন-পালনসহ দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মজীবনে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

উচ্চশিক্ষা ও শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া:
প্রাথমিক শিক্ষায় ছাত্রীর অংশগ্রহণ ৫১.২১%, মাধ্যমিকে বেড়ে ৫৪.৮৪%, কিন্তু উচ্চমাধ্যমিকে কমে ৫০.৭৫% এ নেমে আসে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারী শিক্ষার্থীর সংখ্যা ৪৭%, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৫২ ও ৪৮% এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরও কম। কারিগরি শিক্ষাতেও নারীরা পিছিয়ে।

রাজনৈতিক নেতৃত্ব ও অংশগ্রহণ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর হার মাত্র ৪%, ৮৫ নারী প্রার্থী থেকে নির্বাচিত হয়েছেন মাত্র সাতজন। একশন এইড বাংলাদেশ জানাচ্ছে, ২৫ বছরের মধ্যে নারীর রাজনৈতিক অংশগ্রহণ সর্বনিম্ন পর্যায়ে। নির্বাচনি কাঠামোগত বাধা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও সাইবার বুলিং নারীর নেতৃত্বে অংশগ্রহণ রুদ্ধ করছে।

নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে:
২০২৫ সালে ধর্ষণ এবং পারিবারিক সহিংসতার মাত্রা ২০২৪ সালের থেকেও বেশি। জাতিসংঘের ইউএনএফপিএর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ৫১% মেয়ের বিয়ে ১৮ বছর বয়সের আগে হয়ে যাচ্ছে, অনেকেই খুব কম বয়সে মা হচ্ছেন।

নারী অধিকার সংগঠনগুলোর নেতারা বলছেন, ‘ক্ষমতায়ন’ কেবল চাকরি বা বেতন বৃদ্ধির মাধ্যমে আসে না। এটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুযোগের মৌলিক পরিবর্তনের সঙ্গে যুক্ত। নারীর প্রতি সম্মান, নিরাপদ পরিবেশ ও সমতা নিশ্চিত করাই সত্যিকারের ক্ষমতায়নের মানদণ্ড।

বিশেষজ্ঞদের মতে, মেয়েদের উচ্চশিক্ষায় বাধ্যতামূলক শিক্ষার সুযোগ, কর্মজীবী মায়ের জন্য ডে-কেয়ার সুবিধা এবং নারীবান্ধব কর্মপরিবেশ তৈরি করতে পারলে শ্রমবাজারে নারী অংশগ্রহণ বৃদ্ধি পাবে। বাংলাদেশের তৈরি পোশাক খাতে নারীর সংখ্যা ক্রমেই কমছে, যা অতীতের রোল মডেল অবস্থানের বিপরীতে সংকেত হিসেবে ধরা হচ্ছে।

এছাড়া নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য সরকার ও সমাজকে সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং নারীর অর্জন ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

Leave A Reply


Math Captcha
12 + = 20