Monday, November 9

ইরান জানিয়েছে যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথে জাহাজ চলাচল ইতিমধ্যেই কমে গেছে। শুক্রবার (৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “হরমুজ প্রণালি খোলা থাকবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ এ পথে চলাচলের চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।” তিনি আরও জানান, চলমান যুদ্ধে সৃষ্ট ঝুঁকির কারণে নৌযান চলাচল কমে গেছে।

মুখপাত্র বলেন, হরমুজ প্রণালি অতিক্রম করতে চাওয়া কোনো জাহাজকে বাধা দেওয়া হবে না। তবে তাদের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকেই নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, “যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করে, তাহলে সেগুলোর ওপর আক্রমণ চালানো হবে।”

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, এ এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেলে বৈশ্বিক জ্বালানি বাজারে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।

Leave A Reply


Math Captcha
4 + 1 =