Monday, November 9

নিজস্ব প্রতিবেদক:
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম Alternatives-এর ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন সাবেক উপদেষ্টা Mahfuz Alam এবং সাবেক এনসিপি নেত্রী Tajnuba Jabin Pradhan।

শুক্রবার (৬ মার্চ) আংশিক এই কমিটি ঘোষণা করা হয়। নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও ডা. তাজনুভা জাবীন প্রধান।

কমিটির অন্য সদস্যরা হলেন— আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

অলটারনেটিভস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। সংগঠনটির মতে, দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকাংশে ক্ষীণ হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় জুলাইয়ের ছাত্র-জনতার হারানো স্বপ্ন পুনরুদ্ধার কমিটির অন্যতম লক্ষ্য।

এ বিষয়ে মাহফুজ আলম বলেন, তরুণরা যেন সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ। নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলাই প্ল্যাটফর্মটির উদ্দেশ্য।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় একটি আলোচনা সভার মাধ্যমে অলটারনেটিভসের যাত্রা শুরু হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় সফর ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।

Leave A Reply


Math Captcha
− 1 = 4