ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স নাহিদা আক্তার ববি (২৯) রাজধানীর চাঁনখারপুল এলাকায় নিজের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছেন। পুলিশ বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে ছয় তলা ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, তারা ৯৯৯ কলের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
নাহিদা সিরাজগঞ্জ সদর রেলওয়ে কলোনীর আক্তার হোসেনের মেয়ে। বর্তমানে তিনি চাঁনখারপুল এলাকার ভাড়াবাসায় দ্বিতীয় স্বামী ইলিয়াসের সঙ্গে থাকতেন। প্রথম বিয়ে বিচ্ছেদের পর ২০২২ সালে তিনি ইলিয়াসের সঙ্গে পুনর্বিবাহিত হন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত ছিলেন।
নাহিদার ফুপাতো ভাই ফরহাদ রহমান জানিয়েছেন, নাহিদা ও স্বামী ইলিয়াসের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। স্বামী তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এমনকি এর আগে ২০২৩ সালের জানুয়ারি মাসে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। পরে স্বামী-স্ত্রীর মধ্যে আপস মীমাংসা হয়।
ফরহাদ জানান, নাহিদা মৃত্যুর আগে একটি চিরকুটে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের বিষয়গুলো উল্লেখ করে আত্মহত্যা করেছেন। তিনি বলেন, “তার মৃত্যুর জন্য তার স্বামী ও তার পরিবারের লোকজনই দায়ী। ঘটনার আগে সন্ধ্যায় দুইজনই বাসায় ছিলেন, ঝগড়া হয়েছিল। পরে স্বামী চলে যান। ঘটনার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।”
পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

