নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য আগামী ৯ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভীকে পাঁচ মামলায় জামিন দেন।
পাঁচ মামলার মধ্যে চারটিতে আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলা হলো—ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি করা হয়েছে সদর মডেল থানায়।
আসামিপক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোর রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই অভ্যুত্থানকালে দায়ের হওয়া বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত তা স্থগিত করেন।
এদিকে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

