টঙ্গীর সাতাইশ এলাকায় এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই করার পর হাতের কবজি কেটে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনা ঘটেছে গতকাল বুধবার (৪ মার্চ) রাতে।
আটক ছিনতাইকারীর নাম মাইন উদ্দিন (৩২)। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকায় ভাড়া বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, মাইন উদ্দিনসহ তিনজন ছিনতাইকারী রাতে রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের টার্গেট করছিল। এক পথচারীকে রক্তাক্ত করে সর্বস্ব ছিনতাই করার পর ভুক্তভোগী নিজেই ছিনতাইকারীকে ধরে ফেলে।
ভুক্তভোগীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে একজন ছিনতাইকারীকে আটক করে, বাকি দুইজন পালিয়ে যায়। এরপর উত্তেজিত জনতা গণধোলাই চালিয়ে ছিনতাইকারীর হাতের কবজি কেটে ফেলে। গুরুতর আহত ভুক্তভোগীকে ঢাকা পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানিয়েছেন, জনতার হাতে আটক ছিনতাইকারী এখন পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

