Monday, November 9

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও তুলে ধরেন তিনি। এর মধ্যে তার স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র ৬১৩ টাকা রয়েছে বলে জানিয়েছেন।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আসিফ মাহমুদ।

পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরে তিনি বলেন, বর্তমানে তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। তবে বাবার নামে ১০ লাখ টাকার একটি সার্ভিস লোন আছে, যা প্রতি মাসে বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে। ওই ঋণের এখনো ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা বাকি রয়েছে। ফলে অ্যাকাউন্টে থাকা অর্থ ঋণ থেকে বাদ দিলে তিনি এখনো ৮২ হাজার ৪৫ টাকা দেনায় রয়েছেন বলে জানান আসিফ মাহমুদ।

তিনি আরও বলেন, তার মায়ের অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা।

নিজের ব্যাংক হিসাবের তথ্য তুলে ধরে আসিফ মাহমুদ জানান, বর্তমানে সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। তিনি বলেন, ১৬ মাস উপদেষ্টা থাকাকালে তার বেতন ও ভাতা স্যালারি অ্যাকাউন্টে জমা হয়েছে।

আসিফ মাহমুদ জানান, তিনি সরকারিভাবে পাঁচটি বিদেশ সফর করেছেন এবং এসব সফরের টিএ-ডিএর টাকাও তার স্যালারি অ্যাকাউন্টে জমা হয়েছে। সরকারে যোগ দেওয়ার আগে ওই অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ছিল। সব মিলিয়ে অ্যাকাউন্টে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা।

তিনি বলেন, ওই অ্যাকাউন্ট থেকে মোট উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা এবং বর্তমানে সেখানে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।

এর আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার (২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠায় সংস্থাটি।

অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘যারা বিগত সময়ে মনোক্ষুণ্ন হয়েছেন এবং আওয়ামী লীগের যারা এখনো দেশে রয়েছেন তারাই এসব অভিযোগ তুলছে। আমি যখন দায়িত্ব ছাড়লাম তখন এসব কথা ওঠেনি। কিন্তু আমার সিটি করপোরেশন নির্বাচনের কথা ওঠার পরই এসব গুঞ্জন শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার ব্যাংক হিসাব তলবের বিষয়টি নিয়ে আলাদাভাবে সংবাদ প্রকাশ করা একটি দলের হীন উদ্দেশ্য। ব্যাংক হিসাব তলব করে রহস্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। তাই আমি আগেই আমার ব্যাংক হিসাব পরিষ্কার করে দিলাম।’

Leave A Reply


Math Captcha
52 + = 61