নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন-কে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে বিসিকের এক নম্বর গেট এলাকায় একটি পোশাক কারখানার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে গিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম-কে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ-৪ আসনের এই এমপি। এরপরই উত্তেজনা সৃষ্টি হয় এবং তিনি অবরুদ্ধ হন। এ সময় বাইরে মোহাম্মদ হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নেন।
রাত ৮টার পর আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এমপিকে উদ্ধার করে চাষাঢ়া এলাকায় নিয়ে যায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষের সঙ্গে কথা বলে রাত ৮টার দিকে এমপিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

