Monday, November 9

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয় বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

তবে রোববার সকাল ১১টার দিকে প্রবাসী যাত্রীদের দুর্ভোগ কমাতে মধ্যপ্রাচ্যের জেদ্দা, দোহা ও রিয়াদগামী কয়েকটি ফ্লাইট চালু করেছে বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স। এতে কিছুটা স্বস্তি ফিরলেও এয়ার ইন্ডিগোসহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট তাৎক্ষণিক বাতিল হওয়ায় অনেক যাত্রী বিপাকে পড়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে আপাতত দুটি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের পাঠানো বার্তায় বলা হয়, শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইট (বিজি-৩৩৭) আজ বিকেল ৪টায় মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। এছাড়া ঢাকা থেকে জেদ্দাগামী বাতিল হওয়া ফ্লাইট (বিজি-৩৩৫) আজ সন্ধ্যা ৭টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

এদিকে এয়ার ইন্ডিগোসহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে এসে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী অভিযোগ করেছেন, তারা প্রয়োজনীয় তথ্য পেতে অসহযোগিতার শিকার হচ্ছেন।

রোববার দুপুরে বিমানবন্দর পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের জন্য মন্ত্রণালয় সব ধরনের সহায়তা উন্মুক্ত রেখেছে এবং ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য সরবরাহ করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 1