সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব শিমরাইল। একই সঙ্গে ইতোমধ্যে আদায় করা চাঁদা আগামী ২৪ ঘণ্টার মধ্যে চালকদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রবিবার (১ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে সজিব উল্লেখ করেন, শিমরাইল সিএনজি স্ট্যান্ডে এ রহমান সুপার মার্কেটের সামনে স্টিকারের মাধ্যমে প্রতিটি সিএনজি চালকের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। যেসব চালকের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বচ্ছভাবে ফেরত দিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। দুর্বল ও পরিশ্রমী মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
জানা গেছে, ‘মা বাবার দোয়া যাত্রী সেবা পরিবহন’ নামে স্টিকার ব্যবহার করে শিমরাইল এলাকার বাসিন্দা আলমাছ মুন্সী, পুলিশের সোর্স জসিম উদ্দিন, হারুন মিয়া ও সোহেল মিয়া প্রতিটি সিএনজি থেকে অগ্রিম দুই হাজার টাকা এবং প্রতিদিন ৪০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন।
সরেজমিনে সিএনজি চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে শতাধিক সিএনজি থেকে স্টিকার বাবদ দুই হাজার টাকা করে অগ্রিম এবং প্রতিদিন ৪০ টাকা করে নেওয়া হচ্ছে। স্টিকার না থাকলে চালকদের মারধর করা হয় এবং স্ট্যান্ডে গাড়ি রাখতে দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তারা।
চালকদের দাবি, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এতদিন কোনো চাঁদা দিতে হয়নি। সম্প্রতি আবার চাঁদাবাজির কারণে তারা চরম ভোগান্তিতে পড়েছেন এবং এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আলমাছ মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

