সিলেটের ওসমানীনগরে চোরাই গরু জবাই করে যুক্তরাজ্যপ্রবাসী এক বিএনপি কর্মীর বাড়িতে ইফতার মাহফিল আয়োজনের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে গরুর মালিককে ন্যায্য মূল্য পরিশোধ করা হয়েছে এবং বাড়ির তত্ত্বাবধায়ক ঘটনার দায় স্বীকার করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী এম আহমদ ওরফে মধু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি যুক্তরাজ্যে অবস্থান করলেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গত জানুয়ারি মাসে সিলেট-2 আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রচারে অংশ নিতে দেশে আসেন। নির্বাচন শেষে গত ২৪ ফেব্রুয়ারি নিজ বাড়িতে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পরে জানা যায়, মাহফিলে জবাই করা গরুটি ছিল চুরি করা।
ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী জানান, এম আহমদ দেশে আসার আগেই বাড়ির তত্ত্বাবধায়কের কাছে ইফতার মাহফিলের জন্য একটি গরু কেনার টাকা পাঠিয়েছিলেন। দেশে ফিরে তিনি নির্বাচনী কাজে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে তত্ত্বাবধায়ক মাহফিলের আগের দিন একটি গরু জবাই করে মাংস প্রস্তুত করেন। পরে জানা যায়, সেটি ছিল চুরি করা গরু। বিষয়টি জানার পর এম আহমদ গরুর মালিককে ডেকে তার ন্যায্য মূল্য পরিশোধ করেন। তিনি শুক্রবার যুক্তরাজ্যে ফিরে গেছেন এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বাড়ির তত্ত্বাবধায়ককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা রেজওয়ান আহমদ বলেন, প্রবাসী আগেই গরু কেনার জন্য টাকা পাঠালেও তত্ত্বাবধায়ক গরু না কিনে অন্যের গরু চুরি করে এনে জবাই করেন। পরে গ্রামের একটি গরু চুরি যাওয়ার ঘটনা সামনে এলে তদন্তে বিষয়টি ধরা পড়ে। বাড়ির সিসিটিভি ফুটেজেও তত্ত্বাবধায়কের সম্পৃক্ততা শনাক্ত হয়।
একই গ্রামের বাসিন্দা হোসেন আহমদ জানান, প্রায় ১৭ বছর পর দেশে ফিরে এম আহমদ ইফতার মাহফিলের আয়োজনের ঘোষণা দেন। কিন্তু তার অজান্তেই তত্ত্বাবধায়ক প্রতিবেশীর গরু এনে জবাই করেন। পরে গ্রামের সালিসে তত্ত্বাবধায়ক সাইদ ঘটনার দায় স্বীকার করেন।
গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, গরুটি বাড়ির তত্ত্বাবধায়ক সাইদ চুরি করেছিলেন। তবে প্রবাসী এম আহমদের এ ঘটনায় কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি বিষয়টি জানার পর গরুর ন্যায্য মূল্য পরিশোধ করেছেন। তাই তার প্রতি কোনো ক্ষোভ নেই, বরং তত্ত্বাবধায়কের কর্মকাণ্ডে তিনি লজ্জিত হয়েছেন।

