সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক চুক্তি নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তিকর ধারণা দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছিল, আলোচনাটি কেবল শুল্ক (ট্যারিফ) সংক্রান্ত—৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামানোর বিষয়েই সীমাবদ্ধ। কিন্তু চূড়ান্ত চুক্তিপত্র প্রকাশের পর এটি অনেকাংশে বিস্ময়কর এবং বিতর্কিত হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, ‘একটি অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকার কিভাবে এমন একটি দীর্ঘমেয়াদি চুক্তি করতে পারে, যার দায়ভার ভবিষ্যতের নির্বাচিত সরকারকে বহন করতে হবে।’ ড. মোয়াজ্জেম বলেন, অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করার মূল উদাহরণই এই চুক্তি।
চুক্তির শেষ দুটি ধারা অনুযায়ী, উভয়পক্ষ ৬০ দিনের নোটিশ দিয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে চুক্তি থেকে সরে আসতে পারে। এছাড়া সব আনুষ্ঠানিক নোটিফিকেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত চুক্তি কার্যকর হবে না। এই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, ফলে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নির্দেশনা শুল্ক সংক্রান্ত হলেও, এটি ব্যবহার করে বাংলাদেশের মতো তুলনামূলক দুর্বল দেশকে বৈষম্যমূলক চুক্তিতে বাধ্য করা হয়েছে কি না—সেটি প্রশ্নবিদ্ধ। ড. মোয়াজ্জেম বলেন, চুক্তির পরিবর্তে উভয় দেশের বাণিজ্য স্বার্থ রক্ষায় সমন্বিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি হওয়া উচিত।
তিনি সতর্ক করেন, নতুন চুক্তির কারণে কম খরচে ও দক্ষ প্রযুক্তি ব্যবহারে অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি হলে দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও নীতি-নির্ধারণী সক্ষমতার ওপর প্রভাব পড়তে পারে। ড. মোয়াজ্জেম আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার চাইলে এখনো আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি সংশোধন করতে পারে।

