Monday, November 9

মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। গতকাল শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। এর আগে গত বুধবার রাতেও ৫.১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল।

বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিশেষজ্ঞরা আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিট ২৯ সেকেন্ডে মাঝারি মাত্রার এই ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা, যা ঢাকা থেকে প্রায় ১৮৮ কিলোমিটার দূরে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৪ মাসে দেশে মোট ৫৭ বার ভূকম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে ২৯টির উৎপত্তিস্থল দেশের বাইরে এবং বাকি ২৮টির উৎপত্তিস্থল দেশের বিভিন্ন অঞ্চলে। সবচেয়ে বেশি ভূকম্পন হয়েছে সিলেট ও ময়মনসিংহ এলাকায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল তুলনামূলক কম ভূমিকম্পপ্রবণ এলাকা। মূলত ইন্ডিয়ান প্লেটের অভ্যন্তরীণ কার্যক্রমের কারণে এ ধরনের ভূকম্পন ঘটে। ইন্ডিয়ান প্লেটটি পূর্ব দিকে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাওয়ায় প্লেটের ভেতরে চাপ তৈরি হচ্ছে। এই চাপের ফলে প্লেটের কোনো অংশ ছিঁড়ে যাওয়া বা পুরনো ফল্টলাইন সক্রিয় হয়ে ভূকম্পনের সৃষ্টি হতে পারে।

ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ভূপৃষ্ঠের প্লেটগুলোর পারস্পরিক ঘর্ষণ বা সরে যাওয়ার ফলে শক্তি জমা হয়। এই শক্তি হঠাৎ বের হয়ে গেলে ভূমিকম্প সৃষ্টি হয়। তিনি জানান, ইন্ডিয়ান প্লেটের গতিশীলতার কারণেই এ ধরনের ভূকম্পন হচ্ছে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা তুলনামূলক কম।

শুক্রবারের ভূকম্পন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। অনেক মানুষ আতঙ্কে ভবন ছেড়ে খোলা জায়গায় বের হয়ে যান।

উৎপত্তিস্থল আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে দুটি মসজিদ ও একটি ব্যক্তিগত বাড়িতে ফাটল দেখা গেছে এবং দুটি কাঁচা ঘর হেলে পড়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৯.৮ কিলোমিটার, যা খুব বেশি গভীরে নয়। এ অঞ্চলটি আগে চিহ্নিত প্রধান ফল্টলাইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না হলেও প্লেটের অভ্যন্তরীণ চাপে এ ধরনের ভূকম্পন হতে পারে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাতেও দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৬২ কিলোমিটার দূরে।

এ ছাড়া গত নভেম্বরে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। ওই ঘটনায় অন্তত ১০ জন নিহত ও কয়েক শ মানুষ আহত হন। বিভিন্ন জেলায় বহু ভবনে ফাটলও দেখা যায়। এরপরও দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ভূকম্পন অনুভূত হয়েছে।

Leave A Reply


Math Captcha
59 − 58 =