Monday, November 9

অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী বাজেটে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

গতকাল বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণ করা জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আগামী বাজেটে কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়ানোর জন্য যা যা করা দরকার, তা-ই করা হবে। দেশি-বিদেশি বিনিয়োগ না হলে কর্মসংস্থান তৈরি হবে না। আমরা দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিচ্ছি।”

তিনি আরও বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতেও পরিবর্তন আনতে হবে। তবে আগামী বাজেটে কর্মসংস্থানই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে অধিগ্রহণ করা ১৪ দশমিক ২১৯০ একর ও ২ দশমিক ৭ একর জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, সদস্য সরফরাজ কাদের রাসেল, অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী পতেঙ্গার বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভসংলগ্ন মুসলিমাবাদ এলাকায় নৌবাহিনীর অধিগ্রহণ করা জমি পরিদর্শন করেন।

Leave A Reply


Math Captcha
− 8 = 2