Monday, November 9

বরিশালের বানারীপাড়ায় পুরনো সরকারি ব্রিজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বানারীপাড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানি (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা এলাকা থেকে ব্রিজ নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ট্রলারযোগে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থের নেতৃত্বে পুলিশের একটি দল বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন নতুন ব্রিজের নিচে সন্ধ্যা নদীর মোহনায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টার দিকে সন্দেহভাজন ট্রলারটি সেখানে পৌঁছালে পুলিশ অভিযান চালায়।

এ সময় ট্রলার থেকে চারটি লোহার রেলপাটি, একটি ডিজেল ইঞ্জিন, একটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ব্রিজ নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রলারে থাকা জিহাদ আকন ও সানিকে গ্রেপ্তার করা হয় এবং ট্রলারটি জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মালামাল চুরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ চারজনের নাম উল্লেখ এবং আরও ৫–৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply


Math Captcha
34 − 28 =