নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সারা দেশে জেলা আইনশৃঙ্খলা কমিটি ‘সংশোধনপূর্বক’ পুনর্গঠনের অফিস আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, পুনর্গঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট। কমিটিতে পুলিশ সুপার, সশস্ত্র বাহিনী বিভাগ বা বিজিবি বা কোস্ট গার্ডের প্রতিনিধি, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, জেলা সিভিল সার্জন, জেলা ডিজিএফআই প্রতিনিধি, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ মোট ৩১ জন কর্মকর্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সংশ্লিষ্ট জেলার সব সংসদ সদস্য কমিটির উপদেষ্টা হিসেবে থাকবেন। তারা কমিটির বৈঠকে উপস্থিত থাকতে পারবেন এবং সভা শেষে কার্যবিবরণী তাদের কাছে নিয়মিত সরবরাহ করতে হবে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, জেলা আইনশৃঙ্খলা কমিটি প্রতি মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হবে। প্রয়োজনবোধে যে কোনো সময় অতিরিক্ত সভা আহ্বান করা যাবে।
এছাড়া প্রতিটি সভায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে প্রয়োজনীয় তথ্য ও উপাত্তসহ আবশ্যিকভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

