Monday, November 9

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল নিয়ে তার কাছে বেশ কিছু লিখিত অভিযোগ এসেছে এবং এসব বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, “মেডিকেল এবং সদর হাসপাতাল নিয়ে কিছু লিখিত অভিযোগ আমার কাছে আছে। আমি জানিয়েছি এগুলো পাল্টাতে হবে। উনারাও প্রথমে ভুল স্বীকার করেছেন এবং মাফ চেয়েছেন। বলেছেন, এটা আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং ওপরওয়ালার দোষ দিয়েছেন।”

তিনি আরও বলেন, “মনে হচ্ছে ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। সুতরাং যা কিছু হবে আমাকে জানাবেন। কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখব।”

সংসদ সদস্য অভিযোগ করেন, হাসপাতালে ‘স্পিড মানি’ বা অনিয়মের বিষয়ে নানা অভিযোগ রয়েছে। তিনি বলেন, “বিভিন্ন স্পিড মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে। এই হাতগুলোর কথা গোপনে কেউ কেউ জানিয়েছেন। আমি সরাসরি জানিয়েছি, ২ নম্বরি যদি কেউ করতে চায়, সরাসরি বলবেন যে, মাওলানার কাছে টাকা দেওয়া আছে—আপনারা উনার কাছে যান।”

তিনি বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল জেলার মানুষের আবেগের জায়গা এবং এটিকে পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য কাজ করা হচ্ছে। বর্তমানে কয়েকটি বিভাগ চালু থাকলেও সব বিভাগ চালুর বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

আমির হামজা জানান, “আমরা দীর্ঘ প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা কথা বলেছি। কয়েকটি বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনে আরও ৭–৮টি বিষয় রয়েছে। আপনারা দোয়া করবেন, আগামী কিছুদিনের মধ্যে অন্তত একটি সুখবর দিতে পারব। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।”

সভায় কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
1 + 4 =