পবিত্র রমজান মাস উপলক্ষে মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আবারও বৃহৎ পরিসরে ইফতার আয়োজন করতে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন। চলতি রমজানে বাংলাদেশসহ সুদান ও ফিলিস্তিনের গাজায় মোট ১০ লাখ রোজাদারের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
মাসব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে মাস্তুল মেহমানখানা থেকে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় হাজারো রোজাদারের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ করা হবে। দেশের বিভিন্ন জেলার এতিমখানা, মাদরাসা এবং দরিদ্র পরিবারের মাঝেও বিতরণ করা হবে ইফতার সামগ্রী।
দেশের গণ্ডি ছাড়িয়ে সুদান ও ফিলিস্তিনের গাজাতেও পরিচালিত হবে মাস্তুল ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম। ইতোমধ্যে সংস্থাটির একটি প্রতিনিধি দল মিসর হয়ে গাজায় পৌঁছেছে এবং সেখানে রমজানের ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছে।
মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন,
“আমাদের সব কার্যক্রম আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই পরিচালিত হয়। প্রতি বছর রমজানে আমরা লক্ষাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করে থাকি। এ বছর আমাদের লক্ষ্য—ইনশাআল্লাহ ১০ লাখ রোজাদারের কাছে ইফতার পৌঁছে দেওয়া।”
তিনি আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে মানবিক সহায়তা পৌঁছে দিতে তাদের টিম ইতোমধ্যে গাজায় কাজ করছে। তিনি জানান, রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি সহমর্মিতা, দানশীলতা এবং মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য সময়। ইফতার বিতরণের পাশাপাশি জাকাতভিত্তিক বিভিন্ন স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টিতেও কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন।

