Friday, November 6

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুরু হলো অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফেব্রুয়ারির শুরু থেকে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও এবার রাজনৈতিক বাস্তবতার কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হলো। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে বইমেলার আয়োজন হলেও বাংলাদেশের বইমেলা স্বতন্ত্র বৈশিষ্ট্যে অনন্য। তবে বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির বিস্তার এবং ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বই পড়া থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে সচেতনতা তৈরি করা জরুরি এবং তরুণদের বইমুখী করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে প্রায় তিনটি বই পড়েন এবং বই পড়ার পেছনে গড়ে ৬২ ঘণ্টা সময় ব্যয় করেন বলেও উল্লেখ করেন তিনি। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারি পালনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই দিবস এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে।

তারেক রহমান বলেন, বাংলা একাডেমির অন্যতম গুরুত্বপূর্ণ সৃজনশীল আয়োজন হলো বইমেলা। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বইমেলাকে সফল করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

উদ্বোধনের পরপরই সাধারণ দর্শনার্থীদের জন্য বইমেলার ফটক খুলে দেওয়া হয়। মেলাকে ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের অমর একুশে বইমেলা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। এ সময় প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

Leave A Reply


Math Captcha
11 − = 3