Monday, November 9

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, অভিনয় বিভাগে মনোনীত হয়েছেন প্রখ্যাত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। চারুকলায় সম্মাননা পাচ্ছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং স্থাপত্যে নির্বাচিত হয়েছেন খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাসসুম।

সংগীত বিভাগে (মরণোত্তর) সম্মানিত হচ্ছেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। নৃত্যে স্বীকৃতি পাচ্ছেন অর্থী আহমেদ এবং পালাগানে সম্মানিত হচ্ছেন ইসলাম উদ্দিন পালাকার।

সাংবাদিকতায় মনোনীত হয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে সম্মাননা পাচ্ছেন তেজস হালদার জস।

এ ছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে ‘একুশে পদক-২০২৬’-এ ভূষিত করা হচ্ছে।

রাষ্ট্রীয় এ আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিকেলে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত হয়ে দেশের বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধন করবেন।

উল্লেখ্য, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, গবেষণা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৯৭৬ সাল থেকে ‘একুশে পদক’ প্রদান করা হচ্ছে। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

Leave A Reply


Math Captcha
67 + = 74