রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় যৌথ অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর ২টা পর্যন্ত টানা চার ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম এ অভিযান পরিচালনা করে। আসন্ন পবিত্র রমজান মাসে জনসাধারণের নিরাপদে রোজা পালন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদ্যাপন নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। এ সময় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।
ডিসি মো. ইবনে মিজান বলেন, ‘চাঁদাবাজ, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের দৌরাত্ম্য কমাতে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়েছে। এতে বিভিন্ন পর্যায়ের শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের তৎপরতা ঠেকাতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

