Monday, November 9

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বায়ক করে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির সদস্যরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রেল ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

এ কমিটিকে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্বরাষ্ট্র, অর্থ, তথ্য ও সম্প্রচার, বাণিজ্য, সংস্কৃতি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা।

কমিটির কার্যাবলির মধ্যে রয়েছে— জাতীয় পুরস্কার প্রদানের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত প্রস্তাব পরীক্ষা করা, জাতীয় পুরস্কারের ক্রমনির্ধারণ ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের সুপারিশ করা এবং নতুন জাতীয় পুরস্কার প্রবর্তনের প্রস্তাব যাচাই করে সুপারিশ করা।

প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পরিবীক্ষণ করবে। একইসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সচিবালয় সহায়তা প্রদান করবে।

Leave A Reply


Math Captcha
− 1 = 2