নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুলাল মিয়া (৫৬) নামের এক ব্যক্তি পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার কেওডালা এলাকায় এই ঘটনা ঘটে। দুলাল মিয়া সপরিবারে ভাড়া বাসায় থাকতেন এবং পেশায় ছিলেন মাছ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দুলালের ছেলে ওসমান গণির সঙ্গে প্রতিবেশী সাজিদ নামের যুবকের কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে সাজিদের পরিবার বিষয়টি জানতে পেরে দুলালের বাড়িতে হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে দুলাল মিয়াকে গুরুতর আহত করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসমান গণি অভিযোগ করেছেন, বাড়ির সীমানাপ্রাচীর বেয়ে সাজিদ তার বাবার পিঠে থাপ্পড় দেন। তিনি প্রতিশোধ হিসেবে সামান্য থাপ্পড় দিলে সাজিদের পরিবারের লোকজন এসে তার বাবাকে পিটিয়ে হত্যা করে। তিনি জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানিয়েছেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

