কক্সবাজারের রামু উপজেলার দুই ভাই ফরিদুল আলম (৪৩) ও মোহাম্মদ ইসমাইল (৩৮) প্যারোলে মুক্তি পেয়ে তাদের মা ও বাবার জানাজায় অংশ নিয়েছেন। গত শনিবার বার্ধক্যজনিত রোগে মা মোস্তফা বেগমের (৮০) মৃত্যু হওয়ার পর তারা পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন।
এরপর সোমবার সন্ধ্যায় তাদের বাবা নুর আহমেদ (৯০) মারা গেলে মঙ্গলবার আবারও প্যারোলে মুক্তি দেওয়া হয়। দুই ভাই হাতকড়া পরেই বাবার জানাজা ও দাফনে অংশ নেন।
পরিবারের সদস্যরা জানান, ফরিদুল ও ইসমাইল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। আড়াই মাস আগে একটি মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। কিছুদিন আগে সেই মামলায় জামিন পেয়েছিলেন, তবে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে পুরোপুরি মুক্তি পাননি।
ইসমাইলের স্ত্রী কুলসুমা বেগম বলেন, মৃত্যুর আগে মা-বাবার সেবা করতে না পারায় দুই ভাইয়ের আফসোসের শেষ নেই। তবে প্যারোলে মুক্তি পেয়ে অন্তত জানাজায় অংশ নিতে পেরেছেন, যা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জানাজার আগে দুই ভাই মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন এবং দাবি করেন, তারা নির্দোষ এবং প্রতিহিংসাবশত মামলায় ফাঁসানো হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই ভাইকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে বিকেলে তারা পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। দুই ভাইয়ের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে।

