ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত দুই নারীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ঢাবির এক ছাত্রের বিরুদ্ধে। ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়।
ভিডিওতে এক নারী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা নিরাপদ না। ৫ আগস্টের পর থেকে আমরা নিরাপদ নই। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে।”
ঘটনার বর্ণনা অনুযায়ী, ভুক্তভোগী দুই নারী পুরান ঢাকায় সেহেরি খেয়ে এসে টিএসসিতে উপস্থিত হন। সেখানে তাদের সঙ্গে থাকা একজন বাইক রাইডারকে ঢাবির এক ছাত্র চড়থাপ্পড় মারেন। নারীটি সামনে এগিয়ে জানতে চেয়েছেন, কেন মারছেন এবং রাতের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যাতায়াত করা কি নিষিদ্ধ।
ভুক্তভোগী আরও জানান, ঢাবির ছাত্র তাকে প্রস্টিটিউট বলে বাজেভাবে অশ্লীল মন্তব্য করেন। অপর নারী কেঁদে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পর মারবে? আমি কি বাংলাদেশের বাইরে থেকে আসছি? আমি এখানে আসতে পারি না?”
এই ঘটনার ভিডিও বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নারীর নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয় এলাকায় শৃঙ্খলা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
ঢাবি প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনও পাওয়া যায়নি।

