দেশের রুগ্ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এসব প্রতিষ্ঠান চালুর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, “রুগ্ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।”
তবে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ততার ধরন, মালিকানা বা অংশীদারত্বের কাঠামো এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। বিষয়টি নিয়ে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করেছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষভাবে বন্ধ পাটকল ও চিনিকলগুলো পুনরায় চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে পূর্বের শ্রমিকদের পুনর্বহাল করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির কথাও বলা হয়েছে।
রুগ্ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু করা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে ২০২৪ সালের জুন মাসে সংসদে দেওয়া তথ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন ৩৯৭টি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ বা রুগ্ণ অবস্থায় রয়েছে বলে জানানো হয়। এর মধ্যে বিসিকের অধীনে ৩৮২টি, বিসিআইসির পাঁচটি, বিএসএফআইসির ছয়টি চিনিকল এবং বিএসইসির চারটি কারখানা রয়েছে। গত দুই বছরে এ সংখ্যা আরও বেড়েছে বলে ধারণা করা হলেও হালনাগাদ পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান তৈরির নির্দেশনা দিয়েছেন। বন্ধ ও রুগ্ণ শিল্প-কারখানাগুলো চালু করতে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করেছে।”
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

