Saturday, April 18

পিএসজি ও মরক্কো জাতীয় দলের ডিফেন্ডার আশরাফ হাকিমিকে ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তার আইনজীবীরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাকিমির আইনজীবী ফ্যানি কলিন জানান, নঁতের পাবলিক প্রসিকিউটর অফিসের সুপারিশের ভিত্তিতে তদন্তকারী বিচারক তাকে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। এখনো বিচার শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

২০২৩ সালের মার্চে ২৪ বছর বয়সী এক নারী অভিযোগ করেন, প্যারিসের একটি উপশহরে নিজের বাসায় তাকে ধর্ষণ করেন হাকিমি। অভিযোগের ভিত্তিতে একই মাসে তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ আনা হয়। ফরাসি আইন অনুযায়ী, প্রাথমিক অভিযোগের অর্থ হলো তদন্তে অপরাধ সংঘটনের পর্যাপ্ত ভিত্তি পাওয়া গেছে বলে বিচারক মনে করেছেন, তবে চূড়ান্ত বিচারের আগে আরও তদন্তের সুযোগ থাকে।

তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন আশরাফ হাকিমি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমি সুষ্ঠু বিচারের অপেক্ষায় আছি। আদালতেই সত্য প্রকাশ পাবে।” তিনি অভিযোগটিকে ভিত্তিহীন বলে দাবি করেন এবং বলেন, এটি তার পেশাগত ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, আদালতের এই সিদ্ধান্তে তার মক্কেল স্বস্তি প্রকাশ করেছেন। মামলার নথিতে থাকা প্রমাণের সঙ্গে আদালতের সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

মামলাটি এখন ফ্রান্সের আদালতে পূর্ণাঙ্গ বিচারের জন্য প্রস্তুত হচ্ছে।

Leave A Reply


Math Captcha
5 + 3 =