Saturday, April 18

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়নস লিগে রূপকথার গল্প লিখেই চলেছে নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্ট। গত মৌসুমের ফাইনালিস্ট ইন্টার মিলানকে প্লে-অফে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতার শেষ ষোলোতে উঠে ইতিহাস গড়েছে দলটি।

মঙ্গলবার ইতালির সান সিরোতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে ২-১ গোলের জয় তুলে নেয় বোদো/গ্লিম্ট। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে নরওয়েজিয়ান চ্যাম্পিয়নরা। এর আগে নিজেদের মাঠে প্রথম লেগে ৩-১ গোলের চমকপ্রদ জয় পেয়েছিল তারা।

ম্যাচের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মিলান। পিও এসপোসিতোর হেড ও মার্কুস থুরামের শট লক্ষ্যভ্রষ্ট হলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধে চাপের মুখেও ধৈর্য ধরে খেলতে থাকে বোদো/গ্লিম্ট। ম্যাচের ৫৮তম মিনিটে ইয়েন্স পেটার হাউগে রিবাউন্ড থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৭২তম মিনিটে হাকন এভিয়েন দূরপাল্লার নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন।

৭৭তম মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি একটি গোল শোধ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি ইন্টার মিলান। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বোদো/গ্লিম্ট।

এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ওঠা প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসেবে ইতিহাসে নাম লেখাল বোদো/গ্লিম্ট। এর আগে লিগ পর্বে ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও জয় পেয়েছিল তারা।

ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর বিপক্ষে ধারাবাহিক সাফল্যে বোদো/গ্লিম্ট এখন চ্যাম্পিয়নস লিগের অন্যতম ‘ডার্ক হর্স’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

Leave A Reply


Math Captcha
− 4 = 4