Monday, November 9

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বলেন, “হি ওয়াজ সো কর্ডিয়াল!”

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেন, ২০২৪ সালের ২৪ অক্টোবর তাকে সরানোর একটি ষড়যন্ত্র হয়েছিল। তিনি বলেন, ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাও করা হয়। বিভিন্ন দল, মঞ্চ ও ফোরামের নামে রাতারাতি লোকজন জড়ো হয়। তিনি প্রশ্ন তুলে বলেন, এসব কর্মকাণ্ডে জড়িতদের অর্থের উৎস নিয়েও সন্দেহ রয়েছে।

রাষ্ট্রপতি জানান, ওই সময় সেনাবাহিনীর নবম ডিভিশনের সদস্যরা তিন স্তরের নিরাপত্তা দিয়ে বঙ্গভবন ঘিরে রাখেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি অভিযোগ করেন, কিছু লোক পরিকল্পিতভাবে উসকানিমূলক কর্মকাণ্ডে অংশ নেয় এবং ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে তা অপব্যবহারের চেষ্টা করে।

তিনি বলেন, ওই রাতটি ছিল তার জন্য বিভীষিকাময়। বঙ্গভবনের চারপাশে ঠেলাগাড়ি, ভ্যান ও বিভিন্ন যানবাহনে করে লোকজন জড়ো হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে, বঙ্গভবন লুটের আশঙ্কাও তৈরি হয়েছিল। তবে সেনাবাহিনী দৃঢ় অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাষ্ট্রপতি আরও জানান, সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তাকে ফোন করে জানান, ঘেরাওকারীরা তাদের সংগঠনের লোক নয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, রাত ২টা থেকে ৩টা পর্যন্ত তিনি জেগে ছিলেন এবং বিভিন্ন স্থানে তার অপসারণের দাবিতে ছোট ছোট গ্রুপে সভা চলছিল।

কঠিন সময়ে কারা পাশে ছিলেন—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব তার পাশে ছিল এবং সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে তারা স্পষ্ট অবস্থান নিয়েছিল।

তিনি বলেন, বিশেষ করে তারেক রহমানকে নিয়ে তার মনে কৌতূহল ছিল। কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারেন, তারেক রহমান খুবই আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ব্যক্তি। রাষ্ট্রপতির ভাষায়, তার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ।

Leave A Reply


Math Captcha
4 + 5 =