আগামী ১০ মার্চ পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় এই কর্মসূচি চালু করা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানান, পরীক্ষামূলক পর্যায়ে ১৪টি উপজেলার প্রতিটিতে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
তিনি বলেন, এই কার্ডের আওতায় অন্তর্ভুক্ত প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পরীক্ষামূলক কার্যক্রমের ফলাফল মূল্যায়ন করে পরবর্তীতে এটি ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।

