Monday, November 9

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে—কে হচ্ছেন নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার। এরই মধ্যে বর্তমান আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ায় আলোচনা আরও জোরালো হয়েছে।

বাহিনীর বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য কয়েকজন কর্মকর্তার নাম নিয়ে হিসাব-নিকাশ চলছে। অনেক কর্মকর্তা মনে করছেন, শীর্ষ দুই পদে পরিবর্তনের পর পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিটেও বড় ধরনের রদবদল আসতে পারে। ফলে ঢাকার বাইরে দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও ঢাকামুখী তৎপরতা বেড়েছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান আইজিপি ও ডিএমপি কমিশনার বেশিদিন থাকছেন না—এমন ধারণা তাদের মধ্যে দৃঢ় হয়েছে। মন্ত্রণালয়ে শীর্ষ পদগুলোর রদবদলের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তারা জানতে পেরেছেন। এ অবস্থায় অনেকেই নতুন নেতৃত্বের দিকনির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের উচ্চপর্যায়ে রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আইজিপি, বিভিন্ন মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও এসপিসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে যাচ্ছে। মেধা, পেশাদারি, অভিজ্ঞতা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে বলে জানা গেছে। তবে অনেকেই সম্ভাব্য প্রার্থীদের ছাত্রজীবনের রাজনৈতিক সম্পৃক্ততা ও অতীত ভূমিকার বিষয়ও বিবেচনায় রাখছেন।

আইজিপি পদে আলোচনায় রয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান।

ডিএমপি কমিশনার পদে আলোচনায় আছেন অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ ও র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ। এছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিককে সিআইডি প্রধানের চলতি দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, শীর্ষ পদে পরিবর্তন হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আপাতত সব স্তরে ঢালাও বদলি নাও হতে পারে। সম্ভাব্য কর্মকর্তাদের তালিকা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Leave A Reply


Math Captcha
+ 82 = 92