Monday, November 9

বিদেশ থেকে অবৈধভাবে অ্যালকোহল আনার সময় ১৪ বোতল মদসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত। আইন অনুযায়ী মামলা হওয়ার বিধান থাকলেও পরে রহস্যজনকভাবে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

গত আগস্টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এ ঘটনা ঘটে। ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে ১৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। তারা বিএস-২১৮ নম্বর ফ্লাইটে ঢাকায় ফেরেন।

আইন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিমানবন্দরে অ্যালকোহল বহন করা নিষিদ্ধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী লাইসেন্সিং কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অ্যালকোহল বহন ও আমদানি করা যায় না। সাধারণত এ ধরনের ঘটনায় যাত্রীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় এবং আইন অনুযায়ী মামলা করা হয়।

আটকের পর কাস্টমস কর্তৃপক্ষের নোটে উল্লেখ করা হয়, যাত্রীরা কাস্টমস আইন ও যাত্রী ব্যাগেজ বিধিমালা লঙ্ঘন করে আমদানি নিষিদ্ধ অ্যালকোহল বহন করেছেন। জব্দ পণ্য পরবর্তী আইনানুগ নিষ্পত্তির জন্য আটক রাখা হয়েছে বলে নোটে বলা হয়। আটককারী কর্মকর্তা হিসেবে স্বাক্ষর করেন ডি শিফটের এয়ারপোর্ট রেভিনিউ অফিসার (এআরও) মো. মোতাকাব্বির আলী।

মোতাকাব্বির আলী বর্তমানে সিলেটে কর্মরত। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আটক করার পর বিষয়টি সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয় এবং পরবর্তী ব্যবস্থা তারা নেয়। এরপর কী হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন।

ঘটনায় দুই প্রটোকল কর্মকর্তার কাছ থেকেও মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় তারা উল্লেখ করেন, বিএস-২১৮ ফ্লাইটে আগত তিন যাত্রীর বিষয়ে ডিরেক্টর-২ এর বার্তা অনুযায়ী তারা প্রটোকল দিতে যান এবং গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় কাস্টমস ১৪ বোতল লিকার আটক করে। আটক মালামালের বিষয়ে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তারা উল্লেখ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে মেহজাবীন, আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্তের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করা হলে মেহজাবীন ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

Leave A Reply


Math Captcha
− 1 = 1