Monday, November 9

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন। সংবিধান অনুযায়ী এসব আসনে তফসিল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

এই প্রেক্ষাপটে বিএনপির রাজনীতিতে পরিচিত মুখ অ্যাডভোকেট ডালিয়া রহমান আবারও আলোচনায়। তিনি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, ডালিয়া দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকায় ২০১০ সালে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। পরে ইস্টার্ন ইউনিভার্সিটিতে এলএলবি (অনার্স)-এ ভর্তি হয়ে ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতিতে যুক্ত হন এবং ২০১২ সালে যুগ্ম আহ্বায়ক হন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-র আদালতে হাজিরা ও বিভিন্ন কর্মসূচিতে তার নিয়মিত উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। দলীয় একাধিক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আন্দোলনের কঠিন সময়ে তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং গুম-নির্যাতনের শঙ্কা উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নিয়েছেন।

ডালিয়া রহমান ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। ২০২২ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সহযোদ্ধাদের সঙ্গে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছেন এবং নেত্রীর নিরাপত্তায় দায়িত্ব পালনের বিষয়টি তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।

রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও সক্রিয় ডালিয়া রহমান। জাতীয় পর্যায়ের একটি টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে অংশ নেওয়া এবং দক্ষিণ এশীয় প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার কথাও জানা গেছে।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে বিএনপির ভেতরে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল পর্যায়ে সক্রিয় ও পরীক্ষিত নেত্রী হিসেবে ডালিয়া রহমানের নাম জোরালোভাবে উচ্চারিত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় উচ্চপর্যায়ের বিবেচনার ওপর নির্ভর করছে।

Leave A Reply


Math Captcha
80 − 71 =