শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের সংস্কার আনার ঘোষণা দিয়েছে সরকার। ঈদুল ফিতরের পর জাতীয় শিক্ষা রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সংবাদ সম্মেলনে তিন ধাপে সংস্কার আনার পরিকল্পনার কথা জানানো হয়। প্রথম ধাপ (ঈদুল ফিতর পর্যন্ত) বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ, উন্নয়ন বাজেটের ৫৩ শতাংশ অব্যবহৃত থেকে ফেরত যাওয়ার কারণ বিশ্লেষণ, শিক্ষক ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা শিক্ষার পাইলট ডিজাইন প্রণয়ন। প্রতিমন্ত্রী জানান, গত অর্থবছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উন্নয়ন তহবিলের প্রায় ৫৩ শতাংশ অব্যবহৃত ছিল।
দ্বিতীয় ধাপে (ঈদের পর) প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সম্মতি নিয়ে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক পরিমাপযোগ্য সূচকসহ জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে। তৃতীয় ধাপে (১২–৩৬ মাস) পরীক্ষা ও মূল্যায়নে কারিগরি সংস্কার, সাধারণ–কারিগরি–মাদ্রাসা শিক্ষায় ক্রেডিট ব্রিজিং এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ট সম্প্রসারণ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া সরকারের নির্বাচনী অঙ্গীকার, যদিও বর্তমানে বরাদ্দ দেড় থেকে দুই শতাংশের মধ্যে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাসিক পাবলিক ড্যাশবোর্ড চালু করে প্রকল্প অগ্রগতি, প্রশিক্ষণ, বই বিতরণ ও ক্লাস ঘণ্টা প্রকাশ করা হবে। মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্তির কথাও জানান তিনি। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড–কে লার্নিং ট্রাজেক্টরি, কনসেপ্ট ম্যাপ, আইটেম ব্যাংক ও ব্লুপ্রিন্ট প্রণয়নের নির্দেশনা দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, অতীতে শিক্ষা খাতে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তা নিরীক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে। বদলি বাণিজ্য ঠেকাতে অটোমেশন অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে। কাজের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা করা হবে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনে বিলম্ব হলে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জোট সরকারের সময় এনটিআরসিএ গঠন করা হয়েছিল; এখন থেকে নতুন স্কুল অনুমোদনের ক্ষেত্রেও যাচাই-বাছাই জোরদার করা হবে। বদলি প্রক্রিয়ায় তদবির বন্ধে একটি অ্যাপ চালু করে ফলাফলভিত্তিক ও স্বচ্ছ পদ্ধতিতে বদলি নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ফ্রি ওয়াইফাই কর্মসূচিকে শেখার অপারেটিং সিস্টেমে রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সরকারের ১৮০ দিনের পরিকল্পনায় তিনটি অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে—শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানো, কারিকুলাম রিভিউ এবং ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষায় জোর দেওয়া।

