পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার–এর মুখরোচক ইফতারির স্বাদ এখন মিলছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)–তে। ৩০০ ফুট মহাসড়ক সংলগ্ন এই আয়োজনে কাবাব, ডিমের চপ, আস্ত খাসির রোস্ট, খাসির লেগ রোস্ট, হোল চিকেন মুসাল্লাম, চিকেন রোস্ট, মাটন কাচ্চি (বাসমতী ও চিনিগুঁড়া), বিফ তেহারি ও বিফ পাক্কি, টার্কিশ নান, ভেজিটেবল আইটেম, বিভিন্ন মিষ্টান্ন ও শরবতসহ নানা পদ সাজানো হয়েছে রাজকীয় আয়োজনে। পাশাপাশি রয়েছে আনারস, তরমুজ, বাঙ্গি, আঙুর, পেঁপে, স্ট্রবেরি, পেয়ারা ও ফলের সালাদ।
টানা ১০ বছর ধরে জমে উঠেছে এই ঐতিহ্যবাহী ইফতারি বাজার। শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল হলরুমজুড়ে সাজানো স্টলগুলোয় মিলছে পুরান ঢাকার প্রসিদ্ধ সব পদ। তবে এখানে নেই পুরান ঢাকার মতো হৈচৈ বা ধুলাবালি; রয়েছে স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশ।
পুরান ঢাকার ইফতারি মানেই ভিন্ন এক আকর্ষণ—সুতি কাবাব, শাহি জিলাপির মতো নামকরা সব খাবারের স্বাদ নিতে চান সবাই। কিন্তু উত্তরা, গুলশান বা আশপাশের এলাকায় বসবাসকারীদের জন্য যানজট ঠেলে চকবাজারে যাওয়া কঠিন। তাঁদের কথা বিবেচনায় রেখেই আইসিসিবিতে এই আয়োজন।
ঢাকাই মোগলাই খাবারের জন্য খ্যাত আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টও এই বাজারে বড় স্টল দিয়েছে। সেখানে রয়েছে মাটন কাচ্চি বিরিয়ানি (বাসমতী ও চিনিগুঁড়া), মোরগ পোলাও, বিফ তেহারি, হোল চিকেন মুসাল্লাম, মাটন লেগ রোস্ট, হোল মাটন রোস্টসহ নানা পদ। এছাড়া ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনি, ডিমের চপ, আলুর চপ, লুচি-পরোটা, হালিম ও বিভিন্ন ধরনের জিলাপিও পাওয়া যাচ্ছে। রেশমি জিলাপি প্রতি কেজি ৮০০ টাকা, বম্বে জিলাপি ৬০০ টাকা, মালাই জর্দা প্রতি বক্স ১২০ টাকা এবং মালাই বুন্দিয়া প্রতি কেজি ১০০ টাকা।
আইসিসিবির ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান মোল্লা জানান, দশমবারের মতো আয়োজিত এই বাজারের উদ্দেশ্য হলো স্বাস্থ্যসম্মত পরিবেশে পুরান ঢাকার ঐতিহ্য নতুন ঢাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া। প্রতিদিন বিকেল ৩টা থেকে ইফতার পর্যন্ত এবং ২৭ রমজান পর্যন্ত চলবে এই বাজার।
আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এস এম জসীম উদ্দীন বলেন, চকবাজার দেখিয়েছে ইফতারকে ঘিরে কেমন বাজার গড়ে উঠতে পারে। তবে সেখানে খাবারের মান ও পরিবেশ নিয়ে প্রশ্ন থাকে। আইসিসিবি সেই ঘাটতি পূরণ করে মানসম্মত ও ধুলাবালিমুক্ত পরিবেশে ইফতারি নিশ্চিত করছে।
ক্রেতা আব্দুস সালাম বলেন, ভালো মানের খাবার ও এক ছাদের নিচে সব স্টল থাকায় তিনি প্রতিবছর এখান থেকেই কেনাকাটা করেন। নিউ ঢাকা ক্যাটারিং সার্ভিসের মালিক শাহ নেওয়াজ জানান, বেচাবিক্রি ভালো হচ্ছে এবং মানুষ আগ্রহ নিয়ে কেনাকাটা করছেন।

