ময়মনসিংহের তারাকান্দায় আগুনে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা টাঙিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকার শহীদ মিনারের পাশে থাকা ভাঙা-পোড়া কার্যালয়ে ১০ সদস্যের একটি দল ঢুকে এই কার্যক্রম চালায় এবং দ্রুত চলে যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর জনতা ওই কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। দীর্ঘদিন পরিত্যক্ত থাকা কার্যালয়ে বৃহস্পতিবার ঢুকে কার্যক্রম পুনরায় শুরু করার ঘোষণা দেন নেতাকর্মীরা।
ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের দেয়ালে দলীয় পতাকা ও জাতীয় পতাকা টাঙানো হয়েছে এবং ‘তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ’ লেখা ব্যানার রাখা হয়েছে। উপস্থিত ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলার যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী, যিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাতার হোসেন তালুকদার জানান, তিনি এখনও বিষয়টি সম্পর্কে অবগত নন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, কার্যালয়টি আগের মতোই পরিত্যক্ত থাকবে এবং সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা প্রবেশের চেষ্টা করেছেন তাদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

