আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনে বিশেষ ‘এসকর্ট’ সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রমজান ও ঈদ সামনে রেখে রাজধানীতে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য এবং নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ সময়ে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বড় অঙ্কের অর্থ বা মূল্যবান সামগ্রী স্থানান্তরের ক্ষেত্রে নিরাপত্তা সহায়তা চাইলে ডিএমপির এসকর্ট সেবা নিতে পারবেন।
তবে সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট থানা বা ডিএমপির কন্ট্রোল রুমে আগাম যোগাযোগ করলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিএমপি।
যোগাযোগের নম্বর: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ ও ০১৩২০-০৩৭৮৪৬।
এ ছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার অনুরোধ জানানো হয়েছে। নিরাপদ লেনদেন নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী পুলিশের এই বিশেষ সহায়তা গ্রহণের আহ্বান জানিয়েছে ডিএমপি।

