Monday, November 9

নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার পেছনে বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপির কাছ থেকে ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আওয়ামী লীগ এটা করার সাহস পেত না।” আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নতুন সরকারের মন্ত্রিসভা নিয়ে দলীয় পর্যালোচনা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি দাবি করে নাহিদ ইসলাম বলেন, “অবিলম্বে প্রশাসনিকভাবে সেই কার্যালয় বন্ধ করতে ব্যর্থ হলে আমরা রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেব। সেক্ষেত্রে সরকারকেও কাঠগড়ায় দাঁড় করানো হবে।”

আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি ব্যাপকভাবে প্রচার করায় কিছু গণমাধ্যমের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। নতুন সরকার গঠনের পর থেকেই গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ শুরু হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের দুটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “আমরা কোনো দলীয় গণমাধ্যম চাই না। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে—এটাই প্রত্যাশা।”

সংবাদ সম্মেলনে তিনি আইনের শাসন নিশ্চিত করা, পুলিশে দলীয়করণ বন্ধ, নারীর নিরাপত্তা নিশ্চিত, মব সংস্কৃতি বন্ধ, মাজার ভাঙচুরে জড়িতদের বিচার, বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধ এবং নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। পাশাপাশি পবিত্র রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নতুন সরকারের প্রতি।

Leave A Reply


Math Captcha
− 6 = 4