Monday, November 9

রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত না করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।

বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আগামীকাল থেকেই সারাদেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। রমজান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়।”

তিনি বলেন, রমজানকে ঘিরে অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা দেখা যায়। “আপনাদের প্রতি আমার আহ্বান, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে ব্যবসায় অধিক মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন।”

ভাষণে তারেক রহমান বলেন, “হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র ও সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার-অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, ক্ষুদ্র, মাঝারি কিংবা বড়—সব ধরনের ব্যবসায়ীর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সহজ ও স্পষ্ট। “সরকার ব্যবসায়ী ও ক্রেতা—উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিংবা ক্রেতা-বিক্রেতার স্বার্থ সুরক্ষায় কী উদ্যোগ নেওয়া উচিত—এ বিষয়ে আপনাদের যেকোনো পরামর্শ বা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত।”

প্রধানমন্ত্রী বলেন, “ক্রেতা-বিক্রেতা—এই সরকার সকলের সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি।”

Leave A Reply


Math Captcha
47 − 37 =