Monday, November 9

পবিত্র রমজান মাসে সরকারি অফিসসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রমজানের প্রথম দিন থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে।

গত ১৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে ডিএমটিসিএল।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা করবে।

দিনভর যাত্রীদের চাপের ওপর ভিত্তি করে ট্রেনের মধ্যবর্তী সময় বা ‘হেডওয়ে’ ৫ থেকে ২০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অফিস যাওয়া-আসার ব্যস্ত সময়ে সাড়ে ৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

রমজানে ইফতারের সময় বিবেচনায় কিছু বিধিনিষেধ শিথিল করেছে কর্তৃপক্ষ। এখন থেকে প্রত্যেক যাত্রী স্টেশনে বা মেট্রো রেলের ভেতরে ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন মেঝেতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে এবং খালি বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। পানি ছাড়া অন্য কোনো খাবার মেট্রো রেল বা স্টেশন এলাকায় গ্রহণ করা যাবে না।

ডিএমটিসিএল জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিন ও অন্যান্য সরকারি ছুটির দিনে ট্রেন চলাচলের সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে। কেবল কর্মদিবসেই এই নতুন সময়সূচি কার্যকর হবে।

Leave A Reply


Math Captcha
25 − = 18