প্রায় ১৮ মাস পর নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম এবং দিনাজপুরের পার্বতীপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর নেতাকর্মীরা প্রকাশ্যে উপস্থিতি জানান দিয়েছেন। বুধবার এসব জেলায় দলটির পরিত্যক্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানোর ঘটনা ঘটে।
এর আগে গত সোমবার চার জেলা এবং রোববার ছয় জেলায় একই ধরনের কর্মসূচি পালন করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় এসব কার্যালয় ভাঙচুর ও বন্ধ করে দেওয়া হয়েছিল। কোথাও কোথাও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংক্ষিপ্ত সমাবেশও করা হয়। কর্মসূচি শেষে বিভিন্ন স্থানে পুলিশ কয়েকজনকে আটক করেছে। হবিগঞ্জে কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
নোয়াখালী জেলা কার্যালয়ের তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার ঝুলিয়েছেন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। সকাল ৮টার দিকে মাইজদীর টাউন হল মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বরগুনা জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো হয়েছে। সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরসংলগ্ন জেলা কার্যালয়েও পতাকা উত্তোলন ও ব্যানার টানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা বলেন, ঘটনার পর টহল জোরদার করা হয়েছে।
নারায়ণগঞ্জ নগরীর দুই নম্বর রেলগেটে জেলা ও মহানগর কার্যালয়ের সামনে পাঁচ কর্মী দলীয় স্লোগান দেন এবং ব্যানার টানান। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শরীয়তপুরের পালং বাজারে ভোরে জেলা কার্যালয় খুলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানো হয়। এ ঘটনার ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হবিগঞ্জ জেলা কার্যালয়ে সকালে পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টা পর দুপুরে ভবনের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা ধোঁয়া দেখে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, আগুন লাগার বিষয়টি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
রাজবাড়ী জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানো এবং ব্যানার ঝোলানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কার্যালয়ে বেলা ১১টার দিকে অর্ধশতাধিক নেতাকর্মী সমবেত হয়ে পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক বলেন, আগের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মহানগর কার্যালয়ে নতুন পরিচিতি ফলক লাগানোর ঘটনা ঘটে। নগরের নিউমার্কেট এলাকার দারুল ফজল মার্কেটে এ সংক্রান্ত দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলা ব্যুরো ও প্রতিনিধিরা)

