আগামী ছয় মাসের কাজের অগ্রগতি বিবেচনায় নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মন্ত্রীকে সরিয়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বুধবার বেলা ৩টায় অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবদের সঙ্গেও সভা করেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের কাছে সভার সিদ্ধান্ত ও আলোচনার বিষয় তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়। এ ছাড়া মন্ত্রীর পদমর্যাদার পাঁচজন ও প্রতিমন্ত্রীর পদমর্যাদার পাঁচজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। বুধবারের বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পাশাপাশি ১০ জন উপদেষ্টাও উপস্থিত ছিলেন।
১৮০ দিনের পরিকল্পনা, ইশতেহারে প্রাধান্য
বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয়কে আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। আগামী মন্ত্রিসভার বৈঠকে এসব পরিকল্পনা একত্র করে সরকারের সামগ্রিক রূপরেখা চূড়ান্ত করা হবে। এ কর্মপরিকল্পনায় দলীয় নির্বাচনী ইশতেহারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী সততার সঙ্গে কাজ করার কঠোর নির্দেশ দিয়ে বলেন, দুর্নীতির বিষয়ে কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না। প্রত্যেক মন্ত্রীর কাজের গতি, পরিকল্পনা ও সততা সরাসরি তদারকি করবেন বলেও জানান তিনি।
অগ্রাধিকার: আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, রমজান প্রস্তুতি
কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং রমজান সামনে রেখে সাহ্রি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের অবস্থা পর্যালোচনা ও জরুরি ভিত্তিতে সংস্কারের তাগিদ দেওয়া হয়েছে। রোজা ও ঈদের আগে-পরে যাতায়াত ব্যবস্থাকে সর্বোচ্চ বাধাবিঘ্নহীন ও স্বস্তিদায়ক করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মন্ত্রীরা যা বললেন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। জনগণ ইশতেহারের ওপর সমর্থন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই ইশতেহার বাস্তবায়নেই গুরুত্ব দেওয়া হবে। কারও ব্যক্তিগত ‘অ্যাফিলিয়েশন’ বিবেচনা না করে মেধার ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ১৮০ দিনের একটি পরিকল্পনা আগে থেকেই প্রস্তুত ছিল, যা শিগগিরই জনগণের সামনে উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, এটি মূলত একটি সৌজন্যমূলক সভা ছিল, যেখানে মন্ত্রীদের পাশাপাশি উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রীরা এক-দুই দিনের মধ্যেই নিজ নিজ কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন। এরপর তাঁর নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

