Monday, November 9

মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন-এর নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের ভোট কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে ইসিকে চিঠি দিয়েছে।

ইসি সূত্র জানায়, এই তিন সিটির নির্বাচন শেষে পর্যায়ক্রমে বাকি ৯ সিটি করপোরেশন এবং পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন আয়োজন করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০ পৌরসভা, ৪৯৭ উপজেলা পরিষদ ও ৬৪টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

ইসি সূত্র আরও জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। সে সময় তিন বড় সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দেওয়া হয়। তবে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তির কারণে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়নি।

আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ২ জুন, সে অনুযায়ী গত বছরের ১ জুন মেয়াদ পূর্ণ হয়েছে। ঢাকা উত্তর সিটির প্রথম সভা হয় ২০২০ সালের ৩ জুন, যার মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন। চট্টগ্রাম সিটির প্রথম সভা হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি; আইন অনুযায়ী এর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি।

এই প্রেক্ষাপটে তিন সিটিতে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি হয়ে পড়েছে বলে মনে করছে ইসি। চিঠি পাওয়ার পর ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ, প্রার্থী যাচাই-বাছাই ও নির্বাচনী কর্মকর্তা নিয়োগসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে। চট্টগ্রাম সিটির ক্ষেত্রে সময় স্বল্পতার কারণে আলাদা জরুরি পরিকল্পনা নেওয়া হতে পারে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, নির্বাচন আয়োজনই কমিশনের মূল দায়িত্ব। সরকারের নির্দেশনা পাওয়া মাত্র স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পথে এগোবেন তারা।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।

Leave A Reply


Math Captcha
6 + 2 =