বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, তাকে ‘মাননীয় মন্ত্রী’ সম্বোধন না করে ‘জনগণের কামলা’ বলা হোক।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
ধর্মমন্ত্রী বলেন, “আপনারা যে মাননীয় মন্ত্রী বলেন, আমি কিন্তু জনগণের কামলা। মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে, কারণ জনগণ ভোট দিয়েছে কাজ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জনগণের কামলা হিসেবে তাদের কাজ করার জন্য নিয়োগ দিয়েছেন। মাননীয় মন্ত্রী বললে একটু খারাপ লাগে, কায়কোবাদ বললেই হবে।”
তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের মুসলমান ভাই-বোনেরা, এই রমজান অত্যন্ত পবিত্র মাস। আপনারা সবাই দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, সহিহ বুঝ দান করেন, আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটা চালাতে পারি।”
ব্রিফিংটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে।

